মৌলিক নাটক ‘অদ্যপুরাণ’ দিয়ে নাট্যোৎসব দিক থিয়েটারের, আয়ের অর্থ ব্যয় হবে চ্যারিটি কাজে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৬:২৩:০৫ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে দিক থিয়েটারের তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব ২০২৬’। সংগঠনটির ২৮তম বর্ষে পদার্পণ ও চ্যারিটি উপলক্ষে আয়োজিত এ উৎসবের শিরোনাম দেওয়া হয়েছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’। উৎসবের উদ্বোধনী দিনেই মঞ্চস্থ হবে দিক থিয়েটারের ৩৪তম প্রযোজনা ও তৃতীয় মৌলিক নাটক ‘অদ্যপুরাণ’। একইসঙ্গে উৎসবের প্রদর্শনীর টিকিট বিক্রির অর্থ ব্যয় করা হবে চ্যারিটি কাজে।
শনিবার (৮ আগস্ট) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিক থিয়েটারের সভাপতি দ্বৈপায়ন দাশ অনন্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯৯ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত নাট্য সংগঠন দিক থিয়েটার ‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ২৭ বছর ধরে শাবিপ্রবিতে নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আগামী ২৭, ২৮ ও ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ নাট্যোৎসব।
এবারের উৎসবের মূলমন্ত্র নির্ধারণ করা হয়েছে‘তমসার ছায়া যাক চির অবসানে, মুখর হোক মানবাত্মা প্রতীতির গানে।’
তিন দিনব্যাপী এ নাট্যোৎসবে স্বাগতিক দল দিক থিয়েটারের পাশাপাশি দেশের দুই স্বনামধন্য নাট্যদল ‘স্পর্ধা’ ও ‘মনিপুরী থিয়েটার’ অংশ নেবে। বিশ্ববিদ্যালয়ের মঞ্চে বিভিন্ন ধারার নাট্যচর্চার একটি মিলনক্ষেত্র তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে দিক থিয়েটারের নতুন মৌলিক নাটক ‘অদ্যপুরাণ’। এটি সংগঠনটির ৩৪তম প্রযোজনা ও তৃতীয় মৌলিক নাটক। নাটকটিতে রূপকের আশ্রয়ে বর্তমান বিশ্বব্যবস্থা, ক্ষমতার কাঠামো, মানুষের অবস্থান এবং সম্ভাব্য ভবিষ্যৎকে তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে।
এবারের নাট্যোৎসবের অন্যতম বিশেষ দিক হলো চ্যারিটি উদ্যোগ। শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আশরাফুল আলম বর্তমানে দুই কিডনি বিকল হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসায় আর্থিক সহায়তার অংশ হিসেবে নাট্যোৎসবের সব প্রদর্শনীর টিকিট বিক্রির প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে। নাট্যচর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অসুস্থ সাবেক শিক্ষার্থীর পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
দিক থিয়েটারের সভাপতি দ্বৈপায়ন দাশ অনন্য বলেন, “সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মানুষের কল্যাণ ও মানবিকতার চর্চাকে এক সুতোয় গাঁথতেই আমাদের এই আয়োজন।” উৎসবটি সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও নাট্যপ্রেমীদের সরব উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন তিনি।



