জকিগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালানোর পর গ্রেফতার- ২, আদালতে স্বীকারোক্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৬:৪২:৫২ অপরাহ্ন
জকিগঞ্জ(সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুই ডাকাত সদস্যকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে এক পুলিশ সদস্যকে কুপিয়ে তারা পালিয়ে যায়।
তারা হলেন- উপজেলার মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদ (২০) ও একই ইউপির দরগাবাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার আহমদ (২৩)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে রতনগঞ্জ বাজার এলাকায় সন্দেহভাজন একটি পিকআপ থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পুলিশ পিকআপটির পিছু নিলে রাত পৌঁনে ১২টার দিকে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এসআই মো. মোরশেদ আলম। এ সময় পিকআপের ভেতর থেকে একজন রামদা দিয়ে তার মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ডাকাত দলের সদস্যরা পিকআপ ফেলে হাওরের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি রামদা, চাকু ও বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। পরে শুক্রবার কালীগঞ্জ-আটগ্রাম সড়ক পথে পালিয়ে যাওয়ার সময় মারুফ ও দিদারকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



