সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৬:২৩:৫৯ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত ও বহু যাত্রী আহত হওয়ার ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার সিলেটের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে আহ্বায়ক এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন নাহার আশাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপারের প্রতিনিধি, সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি এবং সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালকের প্রতিনিধি।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী ‘ইউনিক পরিবহন’ এবং সিলেটগামী ‘বেঙ্গল স্লিপার কোচ’ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলে মোট ৯ জন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।
গঠিত তদন্ত কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনা অনুসন্ধানের বিস্তারিত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করতে বলা হয়েছে। এছাড়া কমিটিকে ৩ টি কার্যপরিধি দেওয়া হয়েছে। যা হলো- সংঘটিত দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধান করা; দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়িত্বহীনতা ও গাফিলতি আছে কি না তা উদ্ঘাটন করা এবং ভবিষ্যতে এ ধরনের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে সুপারিশ প্রদান করা।



