সিলেটে ট্রিপল মার্ডার : বাবুল মিয়া ৪ দিনের রিমান্ডে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৬, ৮:৪৮:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর রায়নগরে দম্পতি ও তাদের গৃহকর্মীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ফারহানা সুলতানা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকালে বাবুল মিয়াকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে বিচারক ফারহানা সুলতানা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার সকালে সিলেট নগরীর রায়নগরের একটি বাসায় বৃদ্ধ স্বামী-স্ত্রী ও কাজের মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- বাড়ির মালিক আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও তাদের কাজের মেয়ে তাহমিনা বেগম (২৫)। আব্দুস সাত্তার রায়নগরের নিজের বাসায়ই থাকতেন। পরে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বাবুল মিয়া (৪০) নামে এক রং মিস্ত্রিকে আটক করে পুলিশ। পরে সে প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। কাজের মেয়ের সাথে তর্কাতর্কির জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানায় সে।
এরপর শুক্রবার রাতে সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানা।




