দিরাইয়ে চিহ্নিত চোর ও মাদক কারবারি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫২:১২ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে চিহ্নিত চোর সনি মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার একটি বিশেষ টিম পৌরশহরের আয়লাবাজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায়, দিরাই বাজার এলাকায় ইয়াবা বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে দিরাই থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে সনি মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এবিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি মো. আমিনুল ইসলাম জানান, মাদক ব্যবসা ছাড়াও সনি মিয়ার বিরুদ্ধে দিরাই থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। শুধু পুলিশের একার পক্ষে সম্ভব না। এতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। মানুষ সচেতন হলে দিরাইকে মাদকমুক্ত করা সময়ের ব্যাপার মাত্র।




