নবীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫০:৫৩ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনসহ ৫ দফা দাবিতে গত শুক্রবার বাদ জুমআ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ মদিনা মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে এবং পৌর জামায়াতের সাধারণ সম্পাদক সোহেল আহমেদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক শাহজাহান আলী।
তার বক্তব্যে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে এবং নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।




