ছাতকে ভূমি নিয়ে ইউএনও’র সিদ্ধান্তে ক্ষোভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৩:৫৬:৪৬ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে ভূমি সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সিদ্ধান্ত ও কার্যক্রমের প্রতিবাদে শহরের বাগবাড়ী মহল্লাবাসী এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। গতকাল শনিবার সকাল সাড়ে এগারোটায় বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনু্ষ্ঠিত হয়।
হাজী নিজামউদ্দিন বুলির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর জসিমউদদীন সুমেন, ফজলু মিয়া চৌধুরী, মাসুম আহমদ, রাজু আহমদ, মেহেদী হাসান সোনা মিয়া, জসিম উদদীন সালমান, মামনুন, দুলন তরফদার, রজত কান্তি দেবনাথ প্রমুখ।
উপস্থিত ছিলেন রোকন চৌধুরী, সোনাফর আলী মাস্টার, সুমন চৌধুরী, জুবায়ের আহমদ, এমরান আহমদ, রাজীব আচার্য, কামাল, রাকিব, নাহিদ, নাইমুর রশীদসহ মহল্লার সর্বস্তরের জনগণ।
বক্তারা বলেন, বাগবাড়ী মহল্লার বাসিন্দা শাহরিয়ার তারেক ও মীর আমান পক্ষদ্বয়ের ভূমির সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্যে উভয় পক্ষ মহল্লার পঞ্চায়েত কমিটির দ্বারস্থ হন। বিষয়টি বর্তমানে নিষ্পত্তির প্রক্রিয়াধীন।
বক্তারা অভিযোগ করেন, ইউএনও পঞ্চায়েত কমিটিকে সরাসরি অবমূল্যায়ন করে প্রশাসনিক ক্ষমতা খাটিয়ে একতরফা মীর আমান পক্ষের সমর্থনে সার্ভেয়ারকে দিয়ে ভূমির সীমানা নির্ধারণ করেছেন। এলাকার শান্তি, শৃঙ্খলা রক্ষার স্বার্থে যা কোনভাবেই কাম্য নয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগভাবে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করা হয়েছে।




