ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ১:০০:৫০ অপরাহ্ন
জাউয়া বাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকের চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন লোক আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ৭টায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায়, নানশ্রী গ্রামের চমক আলীর ছেলে চান্দ আলী ও সিদ্ধারচর গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে, গতকাল বুধবার সকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট পাটকেলের আঘাতে উভয়পক্ষে ৩০ জন লোক আহত হয়েছে। তাদের মধ্যে উভয় পক্ষের গুরুতর আহত আব্দুল্লাহ (২৯), আব্দুল কাদির (৪৫), ইউসুফ আলী (৭০), আব্দুল হক (২৫), সালেহ আহমদ (৪৫)ও আব্দুল মুক্তাদির (২৯)-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের কৈতক ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিকুর ইসলাম খাঁন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এখন পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি।




