জামালগঞ্জে ঢেউটিনের বান্ডিল পড়ে নিহত ১, আহত ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ১:১৯:৫৯ অপরাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজারে ঢেউটিন কিনতে গিয়ে এনামুল হক (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- ফেকুল মাহমুদপুর গ্রামের খুরশেদ মিয়া, কান্দাগাঁও গ্রামের আবু লেইছ ও চান্দেনগর গ্রামের তুহিন। নিহত এনামুল হক ভীমখালী ইউনিয়নের মাহমুদপুর (মাইজহাটি) গ্রামের মরহুম আব্দুল মান্নানের দ্বিতীয় ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে কারেন্টের বাজারের মেসার্স সাদিয়া ট্রেডার্স নামক একটি দোকানে ঢেউটিন কিনতে যান এনামুল হক। দোকানে টিন দেখতে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া একাধিক ঢেউটিনের বান্ডিল তিনি টান দিলে হঠাৎ করে সেই বান্ডিল তার ওপর পড়ে যায়। এতে তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার বলেন, নিহত এনামুল হক ভীমখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




