সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির বৃত্তি ও সনদ বিতরণ
শিক্ষার্থীদের ইংরেজির পাশাপাশি কম্পিউটারে দক্ষতা বাড়াতে হবে- ভিসি প্রফেসর ড. মো: ইকবাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ১:২৮:১৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ ইকবাল প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের ইংরেজির পাশাপাশি কম্পিউটার বিষয়ে দক্ষতা অর্জনের তাগিদ দিয়েছেন। তিনি বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইংরেজির পাশাপাশি এআই (আর্টিফিশিয়েল ইন্টেলিজেন্স) নিয়ে পড়াশোনা করতে হবে। তবে, শিক্ষার্থীরা কাঙ্খিত সাফল্য লাভ করতে হবে।
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে ২০২৫ সালে এসএসসি-এইচএসসি উত্তীর্ণ- জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি এবং সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাব হলে সমিতির সভাপতি এম রফিকুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান (অব.) তোতিউর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদ আলম, ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিয়াউর রহমান মিজান, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান আহমদ।
বৃত্তি প্রদান উপ-কমিটির আহবায়ক শিক্ষক আবুল খায়ের ও সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন-সমিতির সাধারণ সম্পাদক, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেইন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক তোতিউর রহমান বলেন, আগে অনেক চড়াই-উতরাই পেরিয়ে কোম্পানীগঞ্জের শিক্ষার্থীদের শিক্ষা অর্জন করতে হয়েছে। কিন্তু, বর্তমানে সেই পরিস্থিতির অনেক উন্নয়ন হয়েছে। এখন শিক্ষার্থীরা ভার্চুয়ালি জ্ঞান অর্জন করতে পারছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি বলেন, কোম্পানীগঞ্জের পর্যটন নিয়ে সরকারিভাবে ব্যাপক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কোম্পানীগঞ্জ অনেক দূর এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা এহসান উদ্দিন, শাহজাহান সাজু, বশির উদ্দিন, এডভোকেট মকদ্দস আলী, এডভোকেট আফতাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আবিদুর রহমান, সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন মিলন, সেক্রেটারী সাংবাদিক সৌরভ আহমদ, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক ইসরাইল আলী, শিক্ষক আজমল আলী, মাসরুর আহমদ, মোহাম্মদ আলী, বজলু মিয়া, কামাল মিয়া, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্য সচিব আসাদুল হক আসাদ, গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব কোম্পানীগঞ্জের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, আল মদিনা মডেল মাদ্রাসার পরিচালক ঈসা তালুকদার, কোম্পানীগঞ্জ ছাত্রকণ্ঠের সভাপতি এহসানুল মাহবুব, কোম্পানীগঞ্জ অনলাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, বিএনপি নেতা মাসুক মিয়া, দেলওয়ার হোসেন প্রমুখ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন বাবুল বিশ্বাস টিটু, তাফসিয়া মৌরী। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল বাসিত।
অনুষ্ঠানে এস.এস.সি উত্তীর্ণ ২৭ জন ও এইচ.এস.সি উত্তীর্ণ ৮ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।



