ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
সুনামগঞ্জের ৫টি আসনে মনোয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ৪:৪২:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো সুনামগঞ্জের বিভিন্ন নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থী নিজে ও তার প্রতিনিধিগণ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল সোমবার বিকেল পর্যন্ত জেলার ৫টি আসন থেকে ২১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়।
সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম।
সুনামগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন।
সুনামগঞ্জ-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন প্রার্থী। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইয়াসীন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ, আমার বাংলাদেশ পার্টি(এবি) থেকে সৈয়দ তালহা আলম ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মো. মাহফুজুর রহমান (তুষার)।
সুনামগঞ্জ-৪ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রাথী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল ইনলাম নুরুল। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সাবেক সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন।
এছাড়াও বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর মোহাম্মদ শওকত ও মোহাম্মদ আবিদুল হক। একই আসনে খেলাফত মজলিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আমিরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আজিজুল হক।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. সামিউল হক সানি ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর।
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।




