ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধনীতে নৌ পরিবহন উপদেষ্টা
সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৭:০৩:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
গতকাল বৃহস্পতিবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে ভোলাগঞ্জ স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ভোলাগঞ্জ স্থলবন্দর চালুর মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হবে। এই বন্দর সিলেট অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ভোলাগঞ্জ স্থলবন্দর শুধু বাণিজ্যিক কার্যক্রম নয়, বরং পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। উপদেষ্টা বলেন, ‘ভোলাগঞ্জ স্থলবন্দর চালুর মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং জাতীয় অর্থনীতিতে একটি ইতিবাচক ও টেকসই পরিবর্তন সূচিত হবে।’
নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন,‘ভোলাগঞ্জ স্থলবন্দরকে একটি আধুনিক, দক্ষ ও ব্যবসাবান্ধব বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো, জনবল এবং প্রযুক্তিগত সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে। এই স্থলবন্দর আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করবে।’
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ভোলাগঞ্জ স্থলবন্দর চালুর ফলে স্থানীয় অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং সীমান্ত এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে উল্লেখ করেন। পরে নৌপরিবহন উপদেষ্টা ভোলাগঞ্জ স্থলবন্দরের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানসহ স্থলবন্দর উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন-এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, ভোলাগঞ্জ স্থলবন্দরের ইনচার্জ গিয়াস উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রমুখ। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে ভোলাগঞ্জ স্থলবন্দর
উদ্বোধন শেষে উপদেষ্টা স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এসময় ব্যবসায়ীরা বলেন, ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে শুধু মাত্র পাথর আমদানি করা হয়। ভোলাগঞ্জের ভারতীয় অংশে এখনো স্থলবন্দরের কাজ শুরু হয়নি। কিন্তু আমাদের স্থলবন্দর উদ্বোধন করা হয়েছে এতে দু-দেশের ব্যবসায় প্রভাব পড়তে পারে। ভারতে গাড়ি পরিমাপের স্কেল না থাকায় মূলত এই প্রভাব পড়বে।
এছাড়া, স্থলবন্দরে এখনো কোন ব্যাংকের শাখা দেওয়া হয়নি। তবে, স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভোলাগঞ্জ স্থলবন্দরের সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।




