আকবেট’র উদ্যোগে শ্রমজীবী শিশুদের জন্য আনন্দমেলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ৪:২৩:১২ অপরাহ্ন
গৃহস্থালী কাজে নিয়োজিত শ্রমজীবী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে পরিচালিত ডোরস্টেপ লার্নিং প্রোগ্রাম–এর আওতায় আকবেট (UK Bangladesh Education Trust) শিশুদের জন্য একটি আনন্দমেলার আয়োজন করেছে। “আনন্দমেলা” নামে এই অনুষ্ঠানটি রোববার (২৮ ডিসেম্বর) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে প্রায় ৪০০ শিশু অংশগ্রহণ করে। যাদের অনেকেই একসময় গৃহস্থালী কাজে নিয়োজিত ছিল বা এখনও রয়েছে।
আনন্দমেলায় শিশুরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও মেজিক শো আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ডোরস্টেপ লার্নিং প্রোগ্রামের কমিউনিটি শিক্ষকরা সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
শ্রমজীবী শিশুদের শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত শিক্ষকদের “সেরা শিক্ষক পুরস্কার” প্রদান করা হয়।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, আকবেটের সমর্থক ও শুভানুধ্যায়ী, পাশাপাশি দেশ-বিদেশের প্রবাসী অতিথিরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি




