শীতে কাঁপছে শ্রীমঙ্গল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৯:৩৪:৩৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সারাদেশের মতো শ্রীমঙ্গলেও শীতের তীব্রতা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টায় শ্রীমঙ্গল উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এ অঞ্চলের সর্বনিম্ন।
হিমেল হাওয়ার দাপটে ভোরের আগেই নিস্তব্ধ হয়ে পড়ে চায়ের রাজধানীখ্যাত এই পর্যটন নগরী। ভৌগলিক অবস্থানের কারণে শ্রীমঙ্গলে শীতের প্রকোপ তুলনামূলক বেশি। রাতে দ্রুত তাপ বিকিরণ ঘটে এবং সূর্যাস্তের পরপরই তাপমাত্রা নেমে যায়। দিনের বেলায়ও ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে খুব কম। গত এক সপ্তাহ ধরে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে রাস্তা-ঘাট, ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
চা বাগানের খোলা ভূমি ও গাছের ফাঁক দিয়ে শীতল বাতাস সহজে প্রবাহিত হওয়ায় শীতের কামড় আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে। এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, চা শ্রমিক, পথশিশু ও দরিদ্র জনগোষ্ঠী। কনকনে ঠান্ডায় অনেককে আগুন জ্বালিয়ে বা পাতলা কাপড় গায়ে জড়িয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে। শীতবস্ত্রের অভাবে ঠান্ডাজনিত অসুখের ঝুঁকিও বাড়ছে।




