জেলা বিএনপির প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ
তারেক রহমানের সিলেট সফর সফল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৫:৫৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফর ও নির্বাচনী জনসমাবেশ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এ উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেন, এই সফর শুধু সিলেটের জন্য নয়- দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফ্যাসিবাদী শাসনের সময় ভয়ভীতি উপেক্ষা করেই আমরা সফল গণসমাবেশ করেছি। সিলেটের মাটি সবসময় গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে অবস্থান নিয়েছে। এবারও আমাদের ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে এই সফর ও নির্বাচনী জনসমাবেশ সফল করতে হবে। সারাদেশ এমনকি বিশ্বের দৃষ্টি থাকবে সিলেটের দিকে।”
তিনি আরও বলেন, নেতাকর্মীদের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলাই এই কর্মসূচির সাফল্যের প্রধান চাবিকাঠি। সিলেটের বিএনপি মনোনীত প্রার্থীরা কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে নিজ নিজ সংসদীয় এলাকা থেকে জনসমাগম নিশ্চিত করবেন। জনসভার আগের দিন থেকেই নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নেবেন।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় নগরীর মেন্দিবাগস্থ এমরান’স অ্যাসোসিয়েটস অফিসে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী। সভায় কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দসহ সিলেট জেলার বিভিন্ন আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বক্তব্য রাখেন।
সিলেট-২ আসনের প্রার্থী তাহসিনা রুশদির লুনা বলেন, “প্রচারণায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনস্রোত সৃষ্টি করতে হবে। সমাবেশস্থলে আসনভিত্তিকভাবে উপজেলা ও পৌরসভা অনুযায়ী নেতাকর্মীদের অবস্থান নিশ্চিত করা জরুরি।”
সিলেট-৩ আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক বলেন, “বিএনপির চেয়ারম্যানের সিলেট আগমন আমাদের জন্য গর্বের বিষয়। ইনশাআল্লাহ, তিনি আসার আগেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হবে। যে দায়িত্ব দেওয়া হবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।”
সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, “দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে এক নজর দেখতে জনগণের আগ্রহ ব্যাপক। সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পাড়া-মহল্লাভিত্তিক প্রচারণা আরও জোরদার করতে হবে।”
ডা. এনামুল হক চৌধুরী বলেন, “নেতা প্রথমবারের মতো সিলেটে আসছেন- এটি যেমন আনন্দের, তেমনি বড় দায়িত্বের বিষয়। সে অনুযায়ী জোনভিত্তিক পরিকল্পনা ও ম্যাপিং করে শৃঙ্খলা বজায় রাখতে হবে।”
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, “দেশাত্মবোধ জাগ্রত রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণকে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে নেতাকে অভ্যর্থনার সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব।”
সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করে বিএনপি আজও জনগণের আস্থার কেন্দ্রবিন্দু। এই সফর ও নির্বাচনী জনসমাবেশ হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনবান্ধব।
সভা শেষে উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে দায়িত্ব বণ্টনের মাধ্যমে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




