সিলেটে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৩:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, শনি ও রোববার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, শাড়ী, কমলা, চিনি, সনপাপড়ি, জিরা, কসমেটিকস সামগ্রী, কম্বল, চকলেট, জুস, সিনকারা সিরাপ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শীতের কম্বল, সাবান, নিভিয়া সফট ক্রিম, সানস্লিক শ্যাম্পু, পন্ডস ফেসওয়াস, শাড়ী, বডি লোশন, অলিভ ওয়েল, চকলেট, সনপাপড়ী, সিগারেট আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
এব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




