নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, মা আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৭:৫৫:০৭ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মারিয়া নামের ২৮ দিনের এক নবজাতক নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা জেসমিন বেগম আহত হয়েছেন। নিহত মারিয়া উপজেলার বাঁশডর গ্রামের অনিক আহমেদের কন্যা। আহত জেসমিন বেগম শিশুটির মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেল ৪ টার দিকে উপজেলার আউশকান্দি বাজার থেকে তারা ডাক্তার দেখিয়ে টমটমযোগে বাড়ি ফিরছিলেন। পথে সদরঘাট নতুন বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা নবজাতক মারিয়া মাথায় গুরুতর আঘাত পায় এবং জেসমিন বেগম আহত হন।
আহতদের প্রথমে আউশকান্দি বাজারে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তাজপুর এলাকায় পৌঁছামাত্র শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গেলে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।




