লাক্কাতুরা চা বাগান থেকে গুলিসহ বিদেশী এয়ারগান উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৩:৩৪:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট থানার লাক্কাতুরা চা বাগান এলাকায় গলফ ক্লাবের পেছনের কবরস্থান সংলগ্ন স্থান থেকে একটি বিদেশী এয়ারগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব সরঞ্জাম পাওয়া যায়।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যাবধি র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৪০টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, পাঁচটি ম্যাগাজিন, ১১ হাজার ৭৪০ গ্রাম বিস্ফোরক, ৭৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১০০টি এয়ারগান উদ্ধার করেছে। এসব অভিযানে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি করছে বাহিনীটি।
এরই অংশ হিসেবে র্যাব-৯ সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তারা জানতে পারে, লাক্কাতুরা চা বাগান এলাকায় এয়ারগান পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন তথ্যের পর রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গলফ ক্লাবের পেছনের কবরস্থানসংলগ্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী এয়ারগান এবং ৯৭০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। এসবের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি বলে জানায় র্যাব।
র্যাব-৯ জানায়, উদ্ধারকৃত এয়ারগান ও গুলির বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে এসব সরঞ্জাম নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা রয়েছে বলেও বাহিনীটির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলো সাধারণ ডায়রিমূলে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




