তাহিরপুরে বালুভর্তি নৌকা ডুবে একজনের প্রাণহানি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৮:৪১ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : তাহিরপুরে যাদুকাটা, রক্তি ও বৌলাই এ তিন নদীর মোহনায় গড়ের ঘাট এলাকায় বালুভর্তি নৌকা ডুবে মানিক মিয়া (২১) নামে একজনের প্রাণহানি ঘটেছে।
নিহত ব্যক্তি তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর (পূর্ব হাটি) গ্রামের মোসাব্বির মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, যাদুকাটা নদী থেকে বালু লোড করে নৌকাটি গত বৃহস্পতিবার রাতে গড়ের ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়। রাতে নোঙ্গর করা অবস্থায় নৌকাটিতে মানিক মিয়া একাই অবস্থান করছিল।
তিনি আরও জানান, রাতের কোনো এক সময় নৌকাটি পানির নিচে তলিয়ে যায়। গতকাল শুক্রবার ভোরে নৌকার বাকি স্টাফরা নৌকাটি গড়ের ঘাটে এলাকায় যেখানে রাতে রাখা হয়েছিল সেখানে তা আর দেখতে পাননি। একপর্যায়ে দেখতে পান, নৌকাটি পানির নিচে ডুবে আছে এবং নৌকাতে থাকা সুকানির (মাঝি) খোঁজ না পেয়ে প্রশাসনকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মানিক মিয়ার লাশ উদ্ধার করে। এসময় তাহিরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পোস্টমর্টেমের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



