আচারণবিধি লঙ্ঘন করায় হবিগঞ্জে জামায়াত ও বিএনপির চার সমর্থককে কারাদণ্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১:১২:১৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : হবিগঞ্জে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করায় জামায়াত ও বিএনপির চার সমর্থককে কারাগারে পাঠানো হয়েছে। তাদেরকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ আদেশ দেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- লেঞ্জাপাড়ার মরম আলীর ছেলে আলী আকবর শিপন (৪৫), কুটিরগাঁও গ্রামের এখলাছ মিয়ার ছেলে সাজন মিয়া (২৫), একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে রায়হান মিয়া (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের আব্দুল কুদ্দুছের ছেলে কাউছার আহমেদ (২৬)।
জানা যায়, বুধবার রাতে উপজেলার বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ব্যানার টানানোর সময় সেনাবাহিনী তাদের আটক করে। পরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট চারজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করার আদেশ দেন। তারা চারজন জামায়াত বিএনপির সমর্থক বলে জানা গেছে।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই চারজন ভোট কেন্দ্রের সামনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের ব্যানার টানাচ্ছিলেন। হাতেনাতে আটক হওয়ার পর সংশ্লিষ্ট আইনের অনুযায়ী জেল ও জরিমানা করা হয়।
শায়েস্তাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের পর রাতেই তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।



