আমার কোনো পাতিনেতা থাকবে না- মুফতি আবুল হাসান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫০:২৫ অপরাহ্ন
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, আমার কোনো পাতিনেতা থাকবে না। ‘আমি এমপি সাহেবের লোক’, এ রকম পরিচয় দিয়ে কেউ কোনো সুবিধা নিতে পারবে না, এ সুযোগ আমি দেব না। পুলিশ প্রশাসনের প্রতি উদ্দেশ করে তিনি বলেন, এ জন্য আমি চাই আপনারা স্বচ্ছভাবে আইনশৃঙ্খলা প্রয়োগের চেষ্টা করুন। একজন মানুষ দোষী, তাকে আপনি গ্রেপ্তার করুন, আমরা সহযোগিতা করবে। আর একজন ভালো মানুষ, তাকে আপনি হয়রানি করবেন, এটা আমি মেনে নেব না।
গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) জকিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই দেশ গণতান্ত্রিক দেশ। একজন ভালো মানুষ যেকোনো রাজনৈতিক দল করতে পারে, রাজনৈতিক দল করা কোনো অপরাধ নয়। এ জন্য রাজনৈতিক দল করলেই আপনি হয়রানি করবেন এটা কিন্তু আমি মেনে নেব না। এ ক্ষেত্রে আমি জিরো টলারেন্সে অবস্থান নেব।
তিনি আরও বলেন, সরকারি কোনো অফিসে দালাল দেখতে চাই না, জনগণ যেন হয়রানি ছাড়া সেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য।
নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নের কথা বলতে গিয়ে বলেন, পর্যায়ক্রমে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় জনগণের ভোগান্তি লাঘব ও সেবার মান উন্নয়নে প্রশাসনের সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।



