ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, তিন ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৬, ১০:৫৪:৪২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাস রেললাইন পার হচ্ছিল। ‘মামুন পরিবহন’ নামের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ছিল। এ সময় দ্রুতগতির ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বাসটিকে প্রায় এক কিলোমিটার ট্রেনের সঙ্গে টেনে নিয়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) জনি বড়ুয়া বলেন, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন ঘটনাস্থলে এবং অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৯ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। উদ্ধারকাজ শেষ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।



