আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোয়াইনঘাটে রাস্তা বন্ধের অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৯:০৮:৪১ অপরাহ্ন
ডাক ডেস্ক : গোয়াইনঘাট উপজেলায় আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে প্রকাশ্যে অবৈধভাবে রাস্তার উপর বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, উপজেলার নন্দিরগাঁও মৌজার পারিজাত এর্গ্রো ফার্মের চলাচলের একমাত্র রাস্তায় নন্দিরগাঁও এর মৃত বরকত উল্লাহর পুত্র ইয়াছিন আলী, ইব্রাহীম আলী ও আব্দুল মুমিন আদালতের দেয়া স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বেড়া দিয়ে ফিসারীর কাজ পরিচালনা করতে বিঘ্ন সৃষ্টি করছেন। এতে ফার্মে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং মালিকপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ভুক্তভোগী পক্ষের দাবি,পারিজাত এর্গ্রো ফার্মের চলাচলের একমাত্র রাস্তায় বাধা সৃষ্টির ঘটনায় ফার্মের মালিক ফয়েজ আহমদ গত ১৮ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (১ম আদালত)-এ ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারায় মামলা (গোয়াইনঘাট বিবিধ ৪১/২০২৬) দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে ওই ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
পরে থানার এ.এস.আই মোহাম্মদ সারোয়ারকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি গত ২৭ ফেব্রুয়ারি উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার জন্য নোটিশ জারি করেন।
তবে, গত ১৮ মার্চ অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে সঙ্গে নিয়ে সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করে নির্মাণ কাজ শুরু করেন।
ভুক্তভোগী জুবায়ের আহমদ বলেন, আদালতের স্পষ্ট নির্দেশ থাকার পরও তারা জোর করে বেড়া নির্মাণ করছে। প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার বলেন, আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কেউ সেটি অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


