এসএমপির কমিশনারের জরুরী ব্রিফিং
সিলেট নগরীতে ২৬৩ জন ছিনতাইকারী চিহ্নিত : তালিকা ধরে অভিযান চলছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ৯:৪৬:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরীতে ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ইতিমধ্যে ২৬৩ জন ছিনতাইকারীকে চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
গতকাল সোমবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তালিকাভুক্তদের মধ্যে ইতিমধ্যে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হবে। গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৮ জন ছিনতাইকারী গ্রেফতার হলেও জানুয়ারি থেকে মার্চে এ সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিশেষ টিম গঠন করে অভিযান চালানো হচ্ছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই এ অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। অপরাধ পুরোপুরি নির্মূল করা বাস্তবসম্মত নয়, তবে নিয়ন্ত্রণের মধ্যে এনে সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। ‘অপরাধকে একেবারে শূন্যে নামিয়ে আনা একটি ইউটোপিয়ান ধারণা। বাস্তবিকভাবে এটি সম্ভব নয়। তবে কার্যকর পদক্ষেপের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে এনে একটি সহনীয় পর্যায়ে রাখা যায়।’
তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। বিশেষ করে ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে জোরদার কার্যক্রম চালানো হচ্ছে।
আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘নিরাপদ নগরী গড়ে তুলতে পুলিশ এককভাবে নয়, বরং জনগণ ও গণমাধ্যমের সহযোগিতায় কাজ করছে।’
তিনি আরও বলেন, সিলেট একটি পর্যটননির্ভর অঞ্চল। তাই এখানে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তিনি আইনশৃংখলা রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন।



