গ্রন্থমেলা সংস্কৃতি ও শিক্ষার বিকাশে ভূমিকা রাখবে: সিসিক প্রশাসক
সিলেটে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা-২৬’- এর উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ৭:১৯:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা-২৬’- এর উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কমল সাহিত্য পরিষদ আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এসময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল। দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দিয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান দেশ গড়ার কাজ করে যাচ্ছেন। দেশের সর্বস্তরের মানুষ সরকারকে সহযোগিতা করলে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব হবে।
সিসিক প্রশাসক আরও বলেন, পারিবারিকভাবে শহীদ জিয়াউর রহমানকে ‘কমল’ নামে ডাকা হতো। তাঁর নামানুসারেই কমল সাহিত্য পরিষদের নামকরণ করা হয়েছে। এ সংগঠন প্রতি বছর বইমেলার আয়োজন করে আসছে, যা শিক্ষার প্রসার ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং সম্পাদক ছড়াকার ইলহাম সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও লেখক সালেহ আহমদ খসরু, লেখক ও গবেষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত অপি।
অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।




