বিশ্বনাথে বন্ধুর হাতে বন্ধু খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬, ৮:৫৩:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের বিশ্বনাথে বন্ধুর কুড়ালের আঘাতে অপর বন্ধু মাজারের খাদেম শাহ আলম (২৮) খুন হয়েছেন। আজ বুধবার (১৫ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের আল-আজম উচ্চবিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘাতক মিজানুর রহমানকে (৩২) বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়।
নিহত শাহ আলম উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত আলীর ছেলে। তিনি ছিলেন প্রতাপপুর হানিফ শাহ মাজারের খাদেম। আর আটককৃত মিজানুর রহমান উপজেলার রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহ আলম ও ঘাতক মিজানুর রহমান দুই বন্ধু। দীর্ঘদিন ধরে তাঁরা একসঙ্গে চলাচল করছেন। কিন্তু বুধবার দুপুরের দিকে শাহ আলম ও মিজানুর রহমানের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মিজানুর রহমান নিজ বাড়ি থেকে কুড়াল নিয়ে শাহ আলমের ওপর আক্রমণ চালান। এতে শাহ আলম রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ঘাতককে আটক করা হয়েছে। লাশটি সিলেট ওসমানী মেডিকেলের মর্গে রয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, পুলিশ তা খতিয়ে দেখছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



