এমসি কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬, ৯:১৭:৫০ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। এদিন হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে ধারণ ও লালন করার প্রত্যয়ে বর্ণিল সাজে সেজেছিল পুরো ক্যাম্পাস।
মঙ্গলবার সকাল ১০ টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেনের নেতৃত্বে ক্যাম্পাস থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি কলেজের দশতলা একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ সহ শিক্ষকরা।
সেখানে কলেজ অধ্যক্ষ বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার অহংকার। এমসি কলেজ সবসময়ই মুক্তবুদ্ধি ও বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে ধারণ করে আসছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
শুভেচ্ছা বিনিময় শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গেয়ে নতুন বছরকে বরণ করে নেন। এরপর একে একে পরিবেশিত হয় গান, লোকসংগীত, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন পরিবেশনা। এসব পরিবেশনা দেখতে এদিন ক্যাম্পাস জুড়ে ছিল অসংখ্য মানুষের ভীড়।
এদিন কলেজের শিক্ষার্থী ও আগত দর্শনার্থীদের জন্য বিনামূল্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে এমসি কলেজ ছাত্রদল। এমসি কলেজ ছাত্রদলের সভাপতি রাজিব হোসাইন সাহিদ ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদের নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয়।



