দিরাইয়ে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৬, ৮:০৭:৪২ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ- সুনামগঞ্জের দিরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ইলেকট্রিল কেতলি, একটি তোয়াল ও কিছু পেপার বাধার সুতলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভাঙ্গাডহর গ্রামের মনুরঞ্জন দাসের ছেলে টিটু দাস, ঘাগটিয়া গ্রামের মাহমুদুলের ছেলে নুরুল আমিন, নুর মিয়ার ছেলে আফাজ।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দিরাই থানার অফিসার ইনর্চাজ এনামুল হক চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১৮ এপ্রিল রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই সময় তাদের কাছ থেকে একটি ইলেকট্রিক কেতলি, একটি তোয়াল ও কিছু পেপার বাধার সুতলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা একটি সক্রিয় চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ চোরচক্র পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা উপজেলার বিভিন্ন এলাকায় চুরি করে আসছিলেন। তাদের কারণে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছিল। তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছুদিন ধরে তৎপর ছিল। এ ঘটনায় দিরাই থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ওসি জানিয়েছেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



