কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলনের অভিযোগে ৫ জনের জেল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ৭:৪৫:২৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু-পাথর উত্তোলনের অভিযোগে ৫ জনকে ৬ মাস করে জেল দেওয়া হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ধলাই নদীর বাংকার এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করে উপজেলা প্রশাসন। পরে তাদেরকে সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- হীরা লাল দাস (৩০), রবিউল মিয়া (২৫), পবীন্দ্র বিশ্বাস (২৫), মোহাম্মদ আলী হুসেন (১৮) ও আবু বক্কর (১৮)। তারা সকলেই কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
জানা যায়, সম্প্রতি সংরক্ষিত ভোলাগঞ্জ রোপওয়ে থেকে আবারও বালুপাথর লুটপাট শুরু হয়েছে। এই পাথর নৌকা দিয়ে কালাইরাগ ও দয়ার বাজার এলাকার ধলাই নদীর পাড়ে নিয়ে রাখা হয়। পরে সেখান থেকে ট্রাক্টরে করে কালিবাড়ি ও কলাবাড়ি এলাকার বিভিন্ন ক্রাশার মিলে নিয়ে ক্রাশিং করা হয়। অবৈধ এই পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রায়ই মোবাইল কোর্ট পরিচালিত হয়। কিন্তু তাতেও বন্ধ হচ্ছে না অবৈধ বালুপাথর উত্তোলন। শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্ব অভিযানে ৫ জনকে জেল দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের জানান, বালুপাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ৬ জনকে আটক করা হয়েছিল। পরে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে ছাড়া বাকি ৫ জনকে ৬ মাস করে জেল দেওয়া হয়েছে। অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এটা অব্যাহত থাকবে।
এদিকে, কোম্পানীগঞ্জ থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় থানার এসআই জগৎজ্যোতি দাস সঙ্গীয় ফোর্সসহ পৃথক একটি অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী নুরুল আমিনকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পূর্ণাছগামের বাসিন্দা।




