বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য ও মানসম্পন্ন শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে- শ্রমমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ৭:৩৭:৫৩ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করা ও বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য ও মানসম্পন্ন শিক্ষক নিয়োগ নিশ্চিত করার কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নৃ-বিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তি পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, সামাজিক অবক্ষয় একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা নিয়ে গবেষণা করে সংশ্লিষ্ট তথ্য ও সুপারিশ সরকারকে প্রদান করা প্রয়োজন, যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যায়। তিনি আশা প্রকাশ করেন যে, নৃবিজ্ঞান বিভাগ এ ধরনের গবেষণামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, বিভিন্ন কারণে দেশের তরুণরা মানসিক চাপ ও ডিপ্রেশনে ভুগছে, যা অত্যন্ত উদ্বেগজনক। পাশাপাশি অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর দেশে ফিরে আসে না, এ প্রবণতা রোধ করে তাদের দেশে ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।
মন্ত্রী মোবাইল ফোনের সঠিক ও সংযত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে বিরত থাকা প্রয়োজন। তিনি নতুন বিভাগের খোলার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, দেশের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে গবেষণা পরিচালিত হলে সরকার তা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণে কাজে লাগাতে পারবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, সিলেট অঞ্চলকে কেন্দ্র করে গবেষণা কার্যক্রম জোরদারে নৃ-বিজ্ঞান বিভাগের গবেষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। গত ১৭ বছরে বিশ্ববিদ্যালয়ে কোনো নতুন বিভাগ খোলা হয়নি। বর্তমান প্রশাসন সময়োপযোগী নতুন বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে এবং এ বিষয়ে মন্ত্রী মহোদয়ের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ইলেকট্রনিক ক্যাম্পাসে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম সাবেক মন্ত্রী সাইফুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন । এসময় তিনি বলেন, তিনি (সাইফুর রহমান) বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাঁর সময়েই দেশে ভ্যাট ব্যবস্থা চালু হয়।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, একটি বিভাগের জন্য ৩০ বছর একটি দীর্ঘ সময় এবং এই সময়ে বিভাগের অ্যালামনাইরা দেশ-বিদেশে সাফল্যের সাথে ছড়িয়ে পড়েছেন। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান অডিটোরিয়ামটি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের উদ্যোগে নির্মিত, যা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগী প্রধান অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই এসোসিলেশনের সাধারণ সম্পাদক মুশারফ হোসেন পলাশ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোঃ শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারী।




