বিছানাকান্দিতে নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর শাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ১১:১৩:০৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পরে সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯ টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে এদিন বিকেল ৪ টা ৫০ মিনিটের দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার একটি জলাশয়ে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী।
ওই শিক্ষার্থী হলেন- শাবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত বণিক। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে।
বিষয়টি নিশ্চিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, রাত সাড়ে ৯ টার দিকে শান্তের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। যেটা সিলেট থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে। তার পরিবারের সদস্যদের আসতে বলি নাই। আমরাই সকল প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ পাঠানোর ব্যবস্থা করবো।
এর আগে শুক্রবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি পর্যটনকেন্দ্রের ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয়ে শান্ত সহ তিনজন গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন উঠে আসতে পারলেও শান্ত নিখোঁজ হন।




