সিলেটে এবার ১৫ বছরের কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার- ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৬, ১০:১২:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে ১৫ বছরের এক কিশোরকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর শাহজালাল উপশহরের এবিসি পয়েন্ট এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আজ শনিবার ভুক্তভোগী কিশোরের বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের (বর্তমানে শাহজালাল উপশহরের বাসিন্দা) মৃত ফয়জুর রহমানের ছেলে আব্দুস শুক্কুর (৭৯) এবং সিলেটের শাহপরাণ থানার সুলতানপুর গ্রামের (বর্তমানে খাস্তবীর এলাকার বাসিন্দা) মৃত সোয়াইবুর রহমানের ছেলে মো. খায়রুল ইসলাম প্রকাশ বাবলা (৩৫)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে বিকেলে পূর্বপরিচয় ও আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে মূল অভিযুক্ত ব্যক্তি ওই কিশোরকে বেড়ানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম সুবিদবাজার এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে অপর সহযোগীর উপস্থিতিতে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে কিশোরটিকে ধর্ষণ করা হয়।
ধর্ষণের পর ঘটনাটি গোপন রাখার জন্য অভিযুক্তরা ভুক্তভোগী কিশোরকে বিভিন্নভাবে হুমকি দেয়। ভয়ে বিষয়টি প্রথমে লুকিয়ে রাখলেও পরবর্তীতে কিশোরটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। একপর্যায়ে সে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার রাতে শাহজালাল উপশহরের এবিসি পয়েন্ট এলাকায় অভিযুক্ত দুজনকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাদের আটক করে। পরে খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।



