ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধ না করলে দূর্বার আন্দোলন গড়ে তুলা হবে- মাওলানা হাবিবুর রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৬, ৮:৩১:৩৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, গত বেশ কিছুদিন থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফ অন্যায়ভাবে পুশইন করে যাচ্ছে। যা সম্পূর্ণ বেআইনী ও মানবাধিকারের লঙ্ঘন। তাছাড়া সীমান্তে বাংলাদেশীদের পাখির মতো গুলি করে তারা হত্যা করছে। অবিলম্বে ভারতীয় এই আগ্রাসন পুশইন সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
আজ শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১১ দলীয় জোটের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবিলম্বে বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও ১১ দলীয় ঐক্যজোটের আহবায়ক মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও খেলাফত মজলিশের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লেবার পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি সিলেট জেলা সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জাগপার সিলেট মহানগর সভাপতি ইমাম হোসেন, সিলেট জেলা জামায়াতের শুরা কর্মপরিষদের সদস্য উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মাওলানা শফিকুল হক, এনসিপি আহবায়ক ওবায়েদ আহমদ, উপজেলা যুব-বিভাগের সভাপতি ও ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তোরাব, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, উপজেলা শিবিরের সেক্রেটারি আবুল আসাদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান আহমদ প্রমুখ।




