কোম্পানীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল তরুণের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৬, ১০:০১:১৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে শুভ আহমেদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রাম জামে মসজিদে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
সে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের ইলেকট্রিশিয়ান দুলাল আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের বাতির হোল্ডার স্থাপনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন শুভ আহমেদ। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। শুভ আহমেদ বাবার সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে হাউজ ওয়্যারিং (ইলেকট্রিক্যাল) কাজ করতেন। ঘটনার সময়ও তিনি বাবার সঙ্গে মসজিদের বৈদ্যুতিক কাজ করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, আইনগত প্রক্রিয়ায় লাশের সুরতহাল প্রতিবেদন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




