ডিসি সারওয়ার আলমের বদলীর আদেশ প্রত্যাহারে করে পুনর্বহালের দাবী জিএসসির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৬, ৮:৫৭:৫৪ অপরাহ্ন
সিলেটের সর্বজন গ্রহণযোগ্য জেলা প্রশাসক মো. সরওয়ার আলমকে আকস্মিক বদলীর আদেশের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের-জিএসসির নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে জিএসসি কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন সালেহ আহমদ, সাধারণ সম্পাদক মো. ফিরুজ খান, ট্রেজারার আরজু মিয়া এমবিই, সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবির, সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ এবং ট্রেজারার মোঃ আবুল মিয়া বলেন- ‘যখন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহ. ও শাহপরান রহ. এর মাজারের দান-অনুদানকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে উদ্যোগী হয়েছেন মো. সারওয়ার আলম, ঠিক তেমনি একটি সময়ে তাঁর বদলীর আদেশে আমরা হতবাক। এরকম আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও দূর্নীতিহীনতাকে প্রশ্নবিদ্ধ করছে।’
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন-‘যখন গোটা সিলেটের ধর্মপ্রাণ মানুষ ডিসি সরওয়ার আলমের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন,তখন এরকম গণ বিরোধী আদেশ কার স্বার্থে এবং কেন দেয়া হয়েছে? সিলেটবাসীর তা জানার অধিকার আছে।’
যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন-’অনতিবিলম্বে গণ ধিকৃত ও মাজারের দান-অনুদান আত্মসাৎকারীদের স্বার্থে জারিকৃত আদেশ প্রত্যাহার করে সরওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পুনর্বহাল করতে হবে।




