বাংলাদেশে এসে মার্কিন দূতের ভারতের হাই কমিশনারের সাথে বৈঠক অপ্রত্যাশিত- বিরোধী দলীয় নেতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৬, ৯:৫০:৪৩ অপরাহ্ন
বাংলাদেশে এসে মার্কিন দূতের ভারতের হাই কমিশনারের সাথে বৈঠক অপ্রত্যাশিত, এটি কাম্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার দুপুরে সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক জালালাবাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন। আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়ায় বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না।
তিনি বলেন, অতিতের যে নির্বাচন গেল, ২৬ সালের ১ ২ফেব্রুয়ারি। এটা দেখে আমরা এমনিতেই শঙ্কিত। আবার যদি এইধরনের কোনো পায়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়ে গোটা জাতির মধ্য উদ্বেগ দেখা দিবে। সেইরকম কোনো নির্বাচন আয়োজনের পায়তারা করলে এ জাতি মানবে না, আমরাও মানবো না। সুষ্ঠু নির্বাচন নিয়ে সদিচ্ছার অভাবে সরকার দলীয় লোককে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে তার পরিণতি ভয়াবহ হবে।
দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর-এর সভাপতিত্বে ও যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী রাজেশ ভাটিয়া, জালালাবাদ সিন্ডিকেট প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট প্রেসক্লাব সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলাম।



