মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৫:৪১ অপরাহ্ন
মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাঁদের মধ্যে রনি ও আনোয়ার পলাতক রয়েছেন। মামলায় আসামি ছিলেন ৯ জন। এর মধ্যে ৫ জনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামে চেরাগ মিয়ার বাসায় ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় চাঁদা নিতে আসে আসামি নুরুল ইসলাম ও অন্যান্যরা। এ সময় নাঈমের বাবা চেরাগ মিয়া ও মা শামসুন নাহারকে গালাগালি ও মারধর শুরু করে তারা। চাঁদার পাশাপাশি নাঈমের ওপর ফেসবুকে অপপ্রচারের মিথ্যা অভিযোগ আনে। নাঈম ঘটনা থামাতে এগিয়ে গেলে তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে আসামিরা। নাঈমকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার দু’দিন পর ৯ নভেম্বর নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।
আদালতের এ রায়ে মামলার বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে আসামিপক্ষের আইনজীবী বলেছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, বিজ্ঞ আদালত দীর্ঘ পর্যালোচনার পর এ রায় দিয়েছেন। রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।
এবিষয়ে নাঈমের বাবা চেরাগ মিয়া জানান, এই রায়ে আমি সন্তুষ্ট। এ রায় এখন কার্যকর দেখতে চাই। যারা পলাতক আছে, তাদেরকেও দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। পলাতক আসামি ও তাদের স্বজনরা নানাভাবে হুমকি-ধমকি অব্যাহত রেখেছে।



