সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযান
সিলেটের আখালিয়া থেকে মানবপাচার মামলার আসামি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৮:০৩:৫৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট নগরের আখালিয়া এলাকা থেকে সৈয়দ বদরুল আলম (৬০) নামের মানবপাচার মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সৈয়দ বদরুল আলম নগরের আখালিয়ার ৬২/১ সোনালী আবাসিক এলাকার (পূর্ব শাবিপ্রবি) সৈয়দ সদরুল আলমের পুত্র। আজ শুক্রবার বিকেলে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের তছই মিয়ার পুত্র মো. নুর মিয়া তার পুত্র সায়মন মিয়াকে ইউরোপের দেশ স্পেন পাঠাতে প্রায় এক বছর আগে আসামি সৈয়দ বদরুল আলমের সাথে ১৯ লাখ টাকায় কথাবার্তা পাকাপোক্ত করেন। পরে বদরুল ১৯ লাখ টাকা সমজে নেন। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও বদরুল আর সায়মনকে স্পেন পাঠাতে পারেননি। এনিয়ে সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এঘটনার বর্ননা দিয়ে সম্প্রতি নুর মিয়া বাদী হয়ে সৈয়দ বদরুল আলমের বিরুদ্ধে সুনামগঞ্জের মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মাসউদুর রহমানের আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। মানবপাচার (পিটিশন) মামলা নং-২৩/২০২৬।
আদালত পিটিশনটি আমলে নেন। পিটিশনকে এফ.আই.আর (এজাহার) হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করতে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশের পরে সুনামগঞ্জ সদর মডেল থানায় পিটিশনকে মামলা হিসেবে রেকর্ড করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং-২৬, তারিখ ১৪/০৯/২০২৬। থানায় মামলা রেকর্ডের পর তদন্তকারী কর্মকর্তা এসআই জোহাব আলীর নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে জালালাবাদ থানা পুলিশের সহযোগিতায় নগরের আখালিয়ায় অভিযান চালিয়ে বদরুল আলমকে গ্রেফতার করে সুনামগঞ্জে নিয়ে যায়।
সুনামগঞ্জ সদর থানার এসআই জোহাব আলী বলেন, সুনামগঞ্জ সদর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি বদরুল আলমকে সিলেট শহরের আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে আমরা সুনামগঞ্জে নিয়ে আসি।
এদিকে, সুনামগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এসআই আব্দুল আজিজ জানান, আসামি সৈয়দ বদরুল আলমকে কারাগারে পাঠানো হয়েছে।



