সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চোখে কালো কাপড় বেঁধে প্রতিকি প্রতিবাদ কর্মসূচি পালন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ৮:৪৯:৩৩ অপরাহ্ন
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বোর্ডের বদলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে এবার চোখে কালো কাপড় বেঁধে প্রতিকি প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। নবম দিনের কর্মসূচি হিসেবে সোমবার বিকেলে ৫ টায় চোখে কালো কাপড় বেঁধে অর্থব কারিগরির বিরুদ্ধে শহীদ মিনারের সামনে নিরব প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
এর আগে রোববার বিকেলে তারা কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে রেড কার্ড প্রদর্শনী করেন। পরে রাতে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করেন তারা। আর শনিবার রাতে তারা কলেজ ক্যাম্পাসে মশাল মিছিলও করেছেন। মিছিলে তারা তাদের ঘোষিত এক দফা দাবিতে নানা স্লোগান দেন।
কলেজের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. তানভীর মাহমুদ বলেন, এখনো পর্যন্ত আশানুরূপ কোনো সমাধান আসে নি। সম্পূর্ণ আশ্বাস ও সুনির্দিষ্ট সমাধান না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন ও ক্লাস বর্জন অব্যাহত থাকবে। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সকল বিভাগের প্রশাসনিক কাজ ও শ্রেণি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে- অর্থাৎ কমপ্লিট শাটডাউন পালিত হচ্ছে। নতুন অধ্যক্ষ এখনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। আমরা বর্তমানে অভিভাবক শূন্য আছি।
এ বিষয়ে নবনিযুক্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল বলেন, ক্যাম্পাসে প্রবেশ করতে না পারলেও সব খোঁজখবর নিচ্ছি। বাইরে থেকেই আপাতত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছি। আজ শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে কর্মসূচি পালন করেছেন। আমরা আশা করছি শিগগিরই ভালো কোনো ফলাফল পাবো।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় কলেজের অধ্যক্ষ সহ ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে এর ৩৫ ঘণ্টা পর তাদেরকে অবমুক্ত করে দেন তারা। এর চতুর্থ দিনে সিলেটের কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পঞ্চম দিনেও তারা একই কর্মসূচি পালন করেন।



