বিশ্বনাথে ইমাম সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মসজিদে ইসলামী আলোচনা হবে, যেন রাজনৈতিক আলোচনা না হয়- এমপি লুনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৬, ৫:৩৭:১৯ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ইমামরা সমাজের মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাঁদের বক্তব্য ও পরামর্শ মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক বন্ধন এবং সামাজিক আচরণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের মানুষের মধ্যে সততা, ন্যায়বিচার, সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে ইমামদের এগিয়ে আসতে হবে। মসজিদে ইসলামী আলোচনা হবে, মসজিদে যেন কোনো রাজনীতি আলোচনা না হয়।
তিনি আজ বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ হল রুমে আয়োজিত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি আরও বলেন, সম্প্রতি বিশ্বনাথে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কয়েকটি মারামারির ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে মারামারির ঘটনা ঘোষণা দেয়া যাবে না। যাতে মসজিদের মাইকে মারামারির ঘটনা এলাকার কেউ জোরপূর্বক ঘোষণা দিতে চাইলে তাদের প্রতিহত করার চেষ্ঠা করতে হবে। এতে ইমাম-মুয়াজ্জিনদের সর্তক অবস্থানে থাকতে হবে। যদি কেউ জোরপূর্বক মসজিদের মাইকে মারামারির ঘোষণা দিতে চায় তাহলে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য ইমাম-মুয়াজ্জিনদের প্রতি আহ্বান জানান এমপি।
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ প্রসঙ্গে লুনা বলেন, দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ও বার্ধক্যজনিত অক্ষমতার কারণে আর্থিক সংকটে পড়া ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের সহযোগিতার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগ নিয়েছিলেন। এ ধরনের উদ্যোগ ধর্মীয় ব্যক্তিত্বদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে পাইলট কর্মসূচি হিসেবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা জিয়াউল হক আনছারী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ গৌছ খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিশ্বনাথ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ।



