এসএসসিতে সিলেটে এবার পাশের হার ও জিপিএ-৫ কমেছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫, ৭:৪৯:৪২ অপরাহ্ন
সিলেটের ডাক অনলাইন: সিলেটে গতবারের চেয়ে এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী, পাশের হার ও জিপিএ-৫ কমেছে। সিলেট শিক্ষাবোর্ডে এবার পাশের হার ৬৮.৫৭ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। যেখানে গতবার পাশের হার ছিল ৭৩.৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
এবছর সিলেট শিক্ষাবোর্ডে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন ছাত্র ও ৪১ হাজার ৪০৭ জন ছাত্রী। ছেলেদের পাশের হার ৬৮.৬২ শতাংশ ও মেয়েদের ৬৮.৫৪ শতাংশ।
আরও পড়ুন:- এসএসসিতে সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৬৮.৫৭ শতাংশ
গতবার ১ লাখ ৯ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৮০ হাজার ৬ জন। এর মধ্যে ছেলে ছিল ৩৩ হাজার ৪০৬ জন আর মেয়ে পরীক্ষার্থী ছিল ৪৬ হাজার ৬০০ জন। যেখানে পাশের হার ছিল ৭৩.৩৫ শতাংশ।
এবছর জিপিএ-৫ পাওয়া ৩ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৯১ জন ছেলে ও ১ হাজার ৮২৩ জন মেয়ে।
আর গতবার জিপিএ-৫ পাওয়া ৫ হাজার ৪৭১ জনের মধ্যে ছেলে ছিল ২ হাজার ৬১৬ জন এবং মেয়ে ছিল ২ হাজার ৮৫৫ জন।




