ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ৮:১৫:১৮ অপরাহ্ন
ওসমানীনগর(সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরেই দেশে ফিরবেন। তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। বর্তমান সময়ে তেলবাজী রাজনীতি আর চলবে না, রাজনীতি হতে হবে আদর্শভিত্তিক। যারাই আদর্শ রাজনীতি করবেন, তারাই আগামীতে বিএনপির কান্ডারী হবেন বলে দেশনেতার নির্দেশ রয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে আয়োজিত উপজেলাবাসী ও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানীর সভাপতিত্বে এবং আলাউর রহমান ইয়াওর, মাসুদ ও আব্দুর রবের যৌথ সঞ্চালনায় সূধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাবেক বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন নুনু।
সূধী সমাবেশে এসএসসি উত্তীর্ণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




