গোয়ালাবাজারে সুধী সমাবেশে হুমায়ুন কবির
‘তারেক রহমান চলতি বছরেই দেশে ফিরবেন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৫:৩৩:৪২ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক সম্পাদক হুমায়ূন কবির। তিনি এও বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
গত বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তৃতাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে গোয়ালাবাজারে উপজেলাবাসী, বিএনপির ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, অসৎ মানুষ কোনো দিন সাহসী হতে পারে না। ভালো মানুষ নিয়ে দল করতে হয়। ভালো মানুষরা সংগ্রামী ভূমিকা রাখতে পারে। সিলেট বিভাগের উন্নয়নের রূপকার সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং ওসমানীনগর ও বিশ্বনাথের উন্নয়নে ইলিয়াস আলীর ভূমিকা সাহসী ছিলো। দল চাইলে নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে তেলবাজির রাজনীতি আর চলবে না, রাজনীতি হতে হবে আদর্শভিত্তিক। উন্নয়নের ব্যাপারে সবসময় আমার দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানীর সভাপতিত্বে এবং আলাউর রহমান ইয়াওর, মাসুদ ও আব্দুর রবের যৌথ সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন নুনু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণগ্রাম হযরত শাহজালাল সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মুশাররফ হোসেন, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী, সুলেমান মেম্বার, সাইস্তা মিয়া মেম্বার প্রমুখ। সুধী সমাবেশে এসএসসি উত্তীর্ণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




