বিশ^নাথে সুধী সমাবেশে হুমায়ুন কবির
নির্বাচিত হলে এম ইলিয়াস আলী গুমের রহস্য উদঘাটন করা হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ১১:১১:৫৯ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৫০ দিনের মধ্যে একটি কমিশন গঠন করে আমাদের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী গুমের রহস্য উদঘাটন করা হবে।
গতকাল শুক্রবার বিকেলে বিশ^নাথ পৌর শহরে রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে বিশ^নাথ উপজেলা ও পৌরবাসীর ব্যানারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়াররম্যান তারেক রহমান সিলেট-২ আসনে কাজ করতে নির্দেশ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দল যদি নমিনেশন দেয় এবং নির্বাচিত হলে ইলিয়াস আলীর সন্ধান পাওয়া মাত্র এই আসন এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেব। আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। হুমায়ুন কবির আরো বলেন, আমাদের রাজনীতি হবে ৩১ দফার আলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মেধাবীদের চাকুরী, স্বাস্থ্য ও রাস্তাঘাট উন্নয়ন হবে আমাদের কাজ।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে হুমায়ুন কবিরকে নমিনেশন দেওয়ার জন্য এবং বিশ্বনাথ ও ওসমানীনগর বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন। অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুবদল নেতা রুমেল আলী এবং আমির আলীর যৌথ পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আশিক চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথের লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুফতি সাইদুল ইসলাম হাবিবী। সভায় সিলেট জেলা-বিশ্বনাথ উপজেলা-পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।




