মালয়েশিয়ায় বৈধতার সুযোগ পাচ্ছেন লাখো অনিয়মিত বাংলাদেশী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪, ১:৪৪:০১ অপরাহ্ন
ডাক ডেস্ক : ২০১৬ সালে কয়েক লাখ বাংলাদেশি প্রবাসী মাইইজি রিহায়ারিং প্রোগ্রামের মাধ্যমে দেশটিতে বৈধতা গ্রহণ করেন। তারপর প্রতিবছর ভিসা নবায়ন করতে পারলেও ২০২৩-এ এসে ভিসা নবায়ন বন্ধ করে দেয় সরকার। বিপাকে পড়েন কয়েক লাখ প্রবাসী।
গতকাল মঙ্গলবার সেলাঙ্গর স্টেট (শাহ আলম) ইমিগ্রেশন বিভাগের ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্রোগ্রাম ২ দশমিক ০ কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন।
এবার অনিয়মিত ওই প্রবাসীরা বৈধতা গ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এর একটি অংশ রিক্যালিব্রেশনের মাধ্যমে ভিসা পেলেও বড় একটা অংশ এখনো ভিসা পাননি।
তারা আরটিকে ২ দশমিক ০ প্রোগ্রামে ভিসা পাওয়ার আশায় নিবন্ধন করেছেন তাদেরকে সরকার ভিসা প্রদানের জন্য সম্মত হওয়ায় প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরেছে। বিষয়টি নিয়ে এতোদিন প্রবাসীরা অনিশ্চিয়তার মাঝে ছিলেন। এবার সরকারের পক্ষ থেকে ঘোষণা আসায় তারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের এই বৈধতার প্রোগ্রাম শেষ হবে আগামি ৩০ জুন। আরটিকে ২ দশমিক ০ কর্মসূচির অধীনে ২০২৩-এর ৩১ ডিসেম্বরের মধ্যে বৈধ হতে যারা নাম নিবন্ধন করেছেন তাদের যাচাইকরণ প্রক্রিয়া শেষ হবে চলতি বছরের ৩১ মার্চ। এরপর ৩০ জুনের মধ্যে ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন (আরটিকে ২ দশমিক ০) কর্মসূচির অধীনে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেস) প্রদান করা হবে।




