মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৬:৩১:২৩ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার সকালে এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রটির আরও পাঁচ সদস্য পালিয়ে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। সেখান থেকে ডাকাতির প্রস্তুতিরত অবস্থায় চারজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটত করা হয়।
আটককৃতরা হলেন মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. কাজল মিয়া (৪২), কাচারীপাড়া এলাকার সাহেদ মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫), কলেজপাড়া এলাকার রওশন মিয়ার ছেলে রিয়াজ মিয়া (২২) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিরহাট গ্রামের সুর রহমানের ছেলে আক্কাস মিয়া (২৮)।’
ওসি আরও জানান, আটককৃত কাজল মিয়া একজন চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।




