স্কলার্সহোম দক্ষিণ সুরমায় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৬, ৯:২০:৩৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ সুরমা ক্যাম্পাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। গত বুধবার পবিত্র এই দিনটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দিনটি উদ্যাপন উপলক্ষে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও ইসলামী সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করতে তিনটি ভিন্ন বিভাগে কিরাত, আজান এবং হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভাগগুলো হলো- ১ম থেকে ৩য় শ্রেণি (ক-বিভাগ), ৪র্থ থেকে ৭ম শ্রেণি (খ-বিভাগ) এবং ৮ম থেকে ১০ম শ্রেণি (গ-বিভাগ)। প্রতিযোগী শিক্ষার্থীরা অত্যন্ত উদ্দীপনা ও নিষ্ঠার সঙ্গে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। চমৎকার এই আয়োজনে পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা দারুণ আনন্দিত ও উৎসাহিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের মাঝে বিশেষ আয়োজনে প্রস্তুতকৃত শিরনি বিতরণ করা হয়।



