ওসমানীনগরে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫, ৩:৩৪:২৭ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে নাজমুল ইসলাম (৩২) ও লামাইসবপুর গ্রামের আব্দুল গণির ছেলে আরশ আলী (৩০)।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার গোয়ালাবাজারের ইলাশপুর এলাকায় এ দুঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১২-২৭০৪) নামক একটি বাস বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন নাজমুল ইসলাম। এসময় গুরুতর আহত অবস্থায় আরশ আলীকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাজপুর বাজার এলাকায় ঘাতক বাসটিকে আটক করে বাসে আগুন ধরিয়ে দেয়। শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন, অপর গুরুতর আহত একজন হাসপাতালে নেয়ার পর মারা গেছেন। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




