জুলাই মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৩১ জনের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৮:৫৩:০১ অপরাহ্ন
ডাক ডেস্ক : চলতি বছরে জুন মাস থেকে জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। জুলাই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। এরমধ্যে নিহত ১৩ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী।নিহত ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন। শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি কর্তৃক প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে জুলাই মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মাণ ত্রুটিকে উল্লেখ করা হয়।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জুলাই মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৭ জন আহত, সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৪ জন আহত, মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত এবং হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
নিসচা সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
উল্লেখ্য, জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছিলেন।



