বানিয়াচংয়ে পরিবেশ বিনষ্টকারীদের শাস্তি সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ১২:১০:১০ অপরাহ্ন
বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্টকারী শিক্ষক আতাউর রহমান বিপ্লব গংদের শাস্তিসহ ৭ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২ টায় শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন-অব্যাহতিপ্রাপ্ত খন্ডকালীন শিক্ষক আতাউর রহমান বিপ্লব তার ব্যক্তিগত আক্রোশের কারণে বেশ কিছু দুষ্কৃতকারীরা একত্রিত হয়ে মব তৈরি করে শিক্ষকদের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে তাদের অপমান ও অপদস্ত করেছেন। এ কারণে নিরাপত্তাজনিত কারণে ৩ জন শিক্ষক ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী সময়ে বাড়িতে অবস্থান করছিলেন। এতে করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সহ শৃঙ্খলার চরম অবনতি হয়। এছাড়াও এসএসসি পরীক্ষার ফলাফলে ব্যাপক বিপর্যয় ঘটে। গত ১মাস যাবত প্রধান শিক্ষকসহ ৩জন শিক্ষক বিদ্যালয়ে ফিরে আসায় শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। কিন্তু মব সৃষ্টিকারী আতাউর রহমান বিপ্লব গংরা আবারো শিক্ষার পরিবেশ ধ্বংস করতে মব সৃষ্টি করে যাচ্ছে। বিদ্যালয়ে মব সৃষ্টিকারীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং ৭ দফা দাবি বাস্তবায়ন করতে মানব বন্ধন শেষে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার সাথীর কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি দেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বহিরাগত একটি চক্র বারবার বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা শিক্ষক ও শিক্ষার্থীদের আতঙ্কিত করছে, যার কারণে দীর্ঘদিন পাঠদান ব্যাহত হয়েছে। বর্তমানে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক বৃন্দ স্কুলে নিয়মিত ক্লাস নেয়ায় স্কুলের শৃঙ্খলা কিছুটা স্বাভাবিক হলেও ওই চক্র আবারও পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
তারা আরও অভিযোগ করেন, স্কুলে চাঁদা না পেয়ে সাবেক খণ্ডকালীন শিক্ষক আতাউর রহমান গংরা মব সৃষ্টির নেতৃত্ব দিচ্ছেন। শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দাবি জানান, বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।




